ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বর্ণ ব্যবসায়ী খুন হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দোকান খোলেনি রাজধানীর তাঁতীবাজারের পোদ্দার সমিতি।
বুধবার বিকেলে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে (২৮) তার দোকানে এসে গুলি করে তিন দুষ্কৃতকারী। গুলিবিদ্ধ আবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর প্রতিবাদে পোদ্দার সমিতি সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
৭২ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ও স্বর্ণ ব্যবসায়ী আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত পোদ্দার সমিতির সিদ্ধান্ত বহাল থাকবে।"
কোতয়ালি থানার পরিদর্শক সাইরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "এ বিষয়ে একটি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলছে। মামলার এজাহারে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।"
তিনি জানান, এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের উপ- সহকারি পরিদর্শক (এসআই) আব্দুল বাকি ও আলমগীর হেসেন নামে এক কনস্টবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নিহত আবুল কালামের ভাই মো. আবদুল আওয়াল জানান, বৃহস্পতিবার সালে মির হাজারিবাগে জানাজা শেষে কালামের মৃতদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদপুর থানার হোসেনপুর গ্রামে দাফন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইএম/পিডি/২২৪০ ঘ.
bdnews24