২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার বীরগাঁউ ইউনিয়নের কেদার খোলা গ্রামের বিল্লাল মিয়া ও পাগলা বাড়ির আমজাদ মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত শাফি উদ্দিন মিয়া (৪৮) বিল্লালের পক্ষের লোক ছিলেন। নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোজার ঈদের নামাজের সময়ও উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। ওই ঘটনা নিয়েই বৃহস্পতিবার দুপুরে দুপক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হয়।। তিনি জানান, সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শাফি মারা যান। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদির রাইপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরো সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় নবীনগর থানায় একটি মামলা হয়েছে। কুড়িগ্রামে সংঘর্ষে আহত ১৫ জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার গ্রামের নূর ইসলাম ও হবিবুর রহমানের লোকজনের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষে ১৫ জন আহত হয়। স্থানীয়রা জানায়, সকালে নূর ইসলামের পৈত্রিক জমিতে হবিবুর, জব্বার ও জহুর আলীর নেতৃত্বে বেশ কয়েকজন চাষ দিতে শুরু করে। নূর ইসলাম তার ছেলে ও ভাইকে নিয়ে তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এলাকাবাসী জানায়, আহতদের মধ্যে ১১ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি তাহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯১১ ঘ.