ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পর এক শিশুকে হত্যার জন্য এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আরো এক জনকে।
ঢাকার দ্রুত বিচার আদালত-৪ এর বিচারক মো. রেজাউল ইসলাম বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডে দণ্ডিত বকুল ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সেলিমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ত্রিমোহন গ্রামে। দুজনই পলাতক।
ত্রিমোহন গ্রামের আফাজউদ্দিন দারুল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মামুনকে (৭) অপহরণ এবং পরে হত্যা করায় তাদের সাজা হলো। তবে তাদের অনুপস্থিতেই এ মামলার রায় হয়।
মামলার পাঁচ আসামির মধ্যে অন্য তিন আসামি হাওয়া বেগম, সুরজ মিয়া ও লাল চাঁন বেকসুর খালাস পেয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, মুক্তিপণের দাবিতে ২০০৩ সালে ২৩ মার্চ মাজেদুর রহমানের ছেলে মামুনকে (৭) আসামিরা অপহরণ করে। মামুন ত্রিমোহন গ্রামেই মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করতো।
অপহরণের পর মামুনের পরিবারের কাছে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দেওয়ায় মামুনকে ২৩ মার্চই হত্যা করা হয়। মামুনের বস্তাবন্দি লাশ আসামি বকুলের বাড়িতে পাওয়া যায়।
পরদিন মামুনের মামা আনোয়ার বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএন/এমআই/১৩৫৯ ঘ.
bdnews24