চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালীয় জলদস্যুদের জিম্মিদশা থেকে ছাড়া পাওয়া দুই নাবিককে কাছে পেতে চট্টগ্রামে অধীর আগ্রহে দিন গুণছেন পরিবারের সদস্যরা।
তাদের কাছে না পাওয়া পর্যন্ত আনন্দে বিভোর এ দুই নাবিকের স্বজনদের উৎকণ্ঠা যেন পুরোপুরি কাটছে না।
এ দু'জনের পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তাদের এসব ভাবনার কথা জানিয়েছেন।
ছিনতাই করা রাসায়নিকবাহী জার্মান মালিকানার এমটি মারিয়া মারগারেট নামের জাহাজটি রোববার ৫৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে ছেড়ে দেওয়া হয় জলদ্যুরা।
জাহাজটির চিফ অফিসার জাফর ইকবাল এবং দ্বিতীয় প্রকৌশলী গিয়াস উদ্দিন আজম খানসহ ২২ নাবিক জিম্মি হন জলদস্যুদের হাতে। দু'জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
এ বছরের ৮ মে এডেন সাগর থেকে জাহাজটি জলদস্যুরা ছিনতাই করে। এতে দুই বাংলাদেশি ছাড়াও ভারতের ১৯ এবং ইউক্রেনের এক নাবিক ছিলেন।
জাফর ইকবালের মুক্তির সংবাদে আনন্দে উদ্বেলিত তার ছোট ভাই মেহেদী হিমেল।
বুধবার রাতে নগরীর সুগন্ধায় তাদের বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবাই তার সুস্থ প্রত্যাবর্তনের আশায় আছি।"
মুক্ত হওয়ার পর জাফর ইকবালের সঙ্গে মঙ্গলবার রাত ১১টায় জাহাজ থেকে ফোনে সর্বশেষ কথা হয় পরিবারের সদস্যদের।
চট্টগ্রাম নগরীর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিমেল বলেন, "বড়ভাইয়া জানিয়েছেন- তিনি আর অপর নাবিক গিয়াস উদ্দিন দু'জনই সুস্থ আছেন।
"আগামী পাঁচ-ছয়দিনের মধ্যে তারা ওমানে ডাঙায় পৌঁছবেন বলে টেলিফোনে জানিয়েছেন।"
ওমান থেকে বিমানে তারা ঢাকা হয়ে চট্টগ্রাম আসবেন বলে হিমেল জানান।
জাফরের মুক্তির সংবাদে আনন্দাশ্র"ই বুঝিয়ে দিচ্ছে তার মা ফরিজা তুন নুরের অনুভূতি।
"সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য আল্লাহর কাছে এটিই আমার একমাত্র প্রার্থনা," বলেন তিনি।
চার ভাই দুই বোনের মধ্যে মেজো হলেন জাফর ইকবাল। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় তাদের বাড়ি হলেও ছোটবেলা থেকেই বড় হয়েছেন চট্টগ্রাম নগরীতে।
মুক্ত অপর নাবিক গিয়াস উদ্দিন আজম খানের মা শিরিন আক্তার থাকেন নগরীর মেহেদীবাগে।
বাসায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত আটমাসে আমাদের পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারিনি। শুধু আল্লাহর কাছে তার মুক্তির প্রার্থনা করেছি।
"এই খুশির সংবাদের অনুভূতি প্রকাশের কোনো ভাষা আমাদের নেই। তার নিরাপদে ফিরে আসা আমাদের এখনকার প্রত্যাশা।"
গিয়াসের ও বিবি ফাতেমার বিয়ে হয়েছিল দু'বছর আগে। গত আটমাস ধরেই তাদের মধ্যে যোগাযোগ নেই। স্বামীর মুক্তির সংবাদে তার অনুভূতি প্রকাশ করে নীরব সলজ্জ হাসি।
বুধবার বিকালে তিনি ফোনে গিয়াসের সঙ্গে কথা বলেছেন।
চার ভাইবোনের মধ্যে সবার বড় গিয়াস উদ্দিন। তাদের পরিবারের সবাই থাকেন নগরীর মেহেদীবাগে। গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। বাবা আবুল বাশার রাজউকের সহকারী পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২৫২ ঘ.
bdnews24