সাতক্ষীরা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের মুখ থেকে সঙ্গীকে ছিনিয়ে এনেছেন সাতক্ষীরার শ্যামনগরের তিন জেলে।
বুধবার বিকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদীর উলুখালি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলে পরিতোষ মুন্ডাকে (৩২) শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার কালিঞ্চি গ্রামের মুন্ডা পাড়ার রামচন্দ্র মুন্ডার ছেলে।
জেলেদের বরাত দিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম বলেন, দু'দিন আগে পরিতোষ মুন্ডা, খোকন মুন্ডা, সুবোধ মুন্ডা ও ভাগ্য মুন্ডা মাছ ধরতে যান সুন্দরবনে।
বুধবার বিকালে বনের উলুখালি খালে মাছ ধরার সময় পরিতোষকে বাঘে ধরে। এ সময় তার তিন সঙ্গী দা, লগি ও বৈঠা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করে পরিতোষকে ছাড়িয়ে নেন।
তাদের সঙ্গে বাঘের প্রায় একঘণ্টা লড়াই হয় বলে জেলেরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24