২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মরত ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মরত ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আকবর আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় এ মামলা দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলার মহজমপুর শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী আব্দুস সামাদ। মামলার বাদী আকবর আলী জানান, সমাজসেবা অধিদপ্তরের আওতায় সোনারগাঁওয়ে দুস্থ ৪৪৯ জনকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য তালিকা করা হয়। এ তালিকায় ৪৩০ জনকে বয়স্ক ভাতা দেওয়াও হয়। বাকি ১৯ জনকে বয়স্ক ভাতা না দিয়ে শহিদুল ইসলাম ও আব্দুস সামাদ ভুয়া নাম দেখিয়ে চার কিস্তিতে ৩৪ হাজার ৭৫০ টাকা আত্মসাত করেন। "তদন্তে এই আত্মসাতের ঘটনার সত্যতা পাওয়ায় দুদকের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়," বলেন তিনি। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বলেন, এ ব্যাপারে দুদক ঢাকা অফিসের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.