ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মণি সিংহের স্মরণে নেত্রকোনায় মেলার আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মণি সিংহের জন্মস্থান নেত্রকোণার সুসং দূর্গাপুরে এই মেলা অনুষ্ঠিত হবে।
মণি সিংহ মেলা উদযাপন কমিটির সদস্য সচিব এম এম আকাশ বুধবার সিপিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমরেড মণি সিংহ শুধু কমিউনিস্ট পার্টির নেতা নন। তিনি এদেশের সব রাজনৈতিক কর্মী ও নেতার সামনে দলমত নির্বিশেষে একজন আদর্শ স্থানীয় অনুকরণীয় ব্যক্তিত্ব।"
মণি সিংহের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
সংগঠনে পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সাত দিনব্যাপী এই মেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হস্তশিল্প প্রদর্শিত হবে।
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মণি সিংহ মারা যান। ২০০৫ সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতিমণ্ডলির সদস্য মো. শাহ আলম, সামসুজ্জামান সেলিম, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী ও সিপিবির কেন্দ্রীয় নেতা হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭২০ ঘ.
bdnews24