২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় দুর্ঘটনায় নিহত ৪

ঝিনাইদহ ও কুড়িগ্রামে বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 07:08 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ ও কুড়িগ্রামে বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সকালে সড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত নওশের আলী (৫৫) শৈলকুপার দুধসর গ্রামের প্রয়াত ঈমান আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাটই বাজার থেকে ভ্যানযোগে নওশের গাড়াগঞ্জ যাচ্ছিলেন। পথে চাঁদপুর এলাকায় ঝিনাইদহগামী মাল বোঝাই পিকআপটির সঙ্গে নওশেরকে বহনকারী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত ভ্যান চালককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। তবে চালক পলাতক। কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গরু বহনকারী একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে। সকালে উপজেলার আন্ধারীর ঝাড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- দুলাল (৬০), আমীর (৫৫) ও হান্নান (৫০)। তাদের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। ভূরুঙ্গামারী থানার ওসি কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভূরুঙ্গামারী থেকে গরু নিয়ে বগুড়া যাওয়ার পথে ট্রাকটি আন্ধারীঝাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় মুয়াজ্জিন (৫৫) ও সোহেলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫৯ ঘ.