ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় দুই হাজার ৭৯৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
এর মধ্যে জিওবি এক হাজার ৭৮৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৯৮২ কোটি টাকা এবং জেডিসিএফ-এর ২৯ কোটি টাকা রয়েছে।
সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, একনেকের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলো হলো স্থানীয় সরকার বিভাগের '৩৭ টি জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প', 'গুরুত্বপূর্ণ ১৯ টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প' এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের 'উদ্ধারকারী জলযান সংগ্রহ (১ম সংশোধিত) প্রকল্প।'
সড়ক ও রেলপথ বিভাগের 'বাংলাদেশ রেলওয়ের জন্য ১৭০টি এমজি বিএফসিটি ও ১১টি এমজি ব্রেক ভ্যান সংগ্রহ প্রকল্প', 'রেলওয়ের জন্য ২৬৪টি এমজি কোচ ও ২টি বিজি ইন্সপেকশন কার সংগ্রহ প্রকল্প', 'বাংলাদেশ রেলওয়ের ষোলশহর-দোহাজারী ও ফতেয়াবাদ-নাজিরহাট সেকশন পুনর্বাসন প্রকল্প', 'চরফ্যাশন-চরমানিকা-বাবুরহাট লঞ্চঘাট সড়ক নির্মাণ প্রকল্প' এবং 'শহীদ বুদ্ধিজীবী সেতুর (৩য় বুড়িগঙ্গা সেতু) সংযোগ সড়কের অবশিষ্ট অংশ নির্মাণসহ ৩টি পুরাতন সেতু পুনঃনির্মাণ প্রকল্প।'
এছাড়া তথ্য মন্ত্রণালয়ের 'বিটিভি সদর দপ্তর ভবন নির্মাণ প্রকল্প', শিক্ষা মন্ত্রণালয়ের 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প', স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'প্রকিউরমেন্ট অব মডার্ণ ইকুইপমেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ ফর বর্ডার গার্ড বাংলাদেশ প্রকল্প' এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'নারী নির্যাতন প্রতিরোধে ৫টি বিভাগীয় শহরে ভৌত সুবিধাদি সৃষ্টিকরণ, সংশোধিত প্রকল্প'।
অর্থমন্ত্রী এবং একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল ফারুক খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ-পরিবহণমন্ত্রী শাহজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী সভায় অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পরিকল্পনা সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে তথ্য বিবরণীতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২২৪০ ঘ.
bdnews24