২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর নেতিবাচক প্রভাব ভাবিয়ে তুলেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাব আমাদের ভাবিয়ে তুলেছে। পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

খুলনা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক প্রভাব আমাদের ভাবিয়ে তুলেছে। পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করে যেতে হবে। প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয় ক্ষতির পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় তা নিয়ে গবেষণা করতে হবে যা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় হতে পারে। মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, "সিডর বা আইলার মত প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকায় আঘাত হেনে জীবন, সম্পদ ও পরিবেশকে মারত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবন আজ বিপন্ন। আইলায় ক্ষতিগ্রস্ত মানুষ আজো বাস্তুহারা। পানীয় জলের অভাব এবং লবণাক্ততা আজ এলাকার মানুষের নিত্য দিনের সঙ্গী। "আমরা হয়তো পরিবেশকে বশ করতে পারবো না। তবে পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করে যেতে হবে। উপকূলীয় লবনাক্ততা ও পরিবেশ সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যাতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারি।" "বিশ্ব উষ্ণায়নের নেতিবাচক প্রভাব এবং উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান জীবন ও সম্পদের ক্ষয় ক্ষতির পরিমাণ যাতে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় তা নিয়ে গবেষণা করতে হবে যা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় হতে পারে।" রাষ্ট্রপতি বলেন, "বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মুখে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। বর্তমান বিশ্বে মুক্ত বাজার অর্থনীতি এবং তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিকাশ ঘটেছে। এই বিকাশ একদিকে যেমন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে অন্য দিকে জীবনযাত্রাকে ঠেলে দিয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। আমাদের মত পিছিয়ে পড়া দেশগুলোকে তাই আজ তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।" তিনি বলেন, "বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার মুখে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। বর্তমান বিশ্বে মুক্ত বাজার অর্থনীতি এবং তথ্য প্রযুক্তির অভাবনীয় বিকাশ ঘটেছে। এই বিকাশ একদিকে যেমন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে অন্যদিকে জীবনযাত্রাকে ঠেলে দিয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। আমাদের মত পিছিয়ে পড়া দেশগুলোকে তাই আজ তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।" সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন শাহ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ফকির আবু হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার গাজী আব্দুল্লাহ হেল বাকী। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্বদ্যিালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ২০ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্নপদক এবং সনদপত্র প্রদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৩৫ ঘ.