ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর ওপর শোষণ, বৈষম্য ও আধিপত্য বন্ধের দাবিতে দুদিনব্যাপী 'নারী জাগরণ যাত্রা'র তৃতীয় পর্যায় আগামী ৩০ নভেম্বর শুরু করতে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।
মুক্তাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করবেন সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।
তৃতীয় পর্বের এর যাত্রা রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু করে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট হয়ে ৩১ ডিসেম্বর সুনামগঞ্জে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
এসময় বিভিন্ন স্থানে পথসভা, সমাবেশ ও গণসংগীত পরিবেশন করা হবে।
মঙ্গলবার সিপিবি কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারী অধিকার বাস্তবায়নে সকলকে সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক লীনা চক্রবর্তী, লুনা নূর, রাশেদা কুদ্দুস, মনিরা বেগম প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবস পালনের শতবর্ষপূর্তিতে সিপিবি বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে নারী জাগরণ যাত্রার দুটি পর্যায় ইতোমধ্যে শেষ হয়েছে বলে সিপিবি নেতারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৩৬ ঘ.
bdnews24