২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানোর কথা বললেন প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করেই এ বিচার করবে সরকার। প্রতিমন্ত্রী মঙ্গলবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, "সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার চিন্তা করছে। সব মুক্তিযোদ্ধাদের রেশনের আওতায় আনা হবে।" একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই সব যুদ্ধাপরাধীর বিচার করা হবে। যুদ্ধাপরাধীরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করা হবে। "একটি দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা কিছুতেই যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না", বলেন তাজুল। সোমবার রাতে মানিকগঞ্জে পক্ষকালব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে মেলা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান হযরতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, এবিএম আনোয়ারুল হক, জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ, পুলিশ সুপার মো. মাসুদ করিম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.