২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা চালকদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫

সিএনজি অটো রিকশার জমা বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভরত একদল চালকের মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি অটো রিকশার জমা বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভরত একদল চালকের মিছিল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, বিক্ষোভকারী জামায়াতে ইসলামী সমর্থক একটি সংগঠনের কর্মী। রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এ বিক্ষোভ ডাকা হয়। তবে বিক্ষোভারী 'চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক কল্যাণ ইউনিয়ন' তাদের কর্মসূচির সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ডিসি হিল এলাকায় মিছিল শুরু করে অটোরিকশা চালকরা। তখন পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন- আলী আকবর, নুর আলম, ইউসুফ, আব্দুর রহিম ও আহমুদুর রহমান। অটোরিকশা মালিকরা দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ৯টা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে সিএনজি চালকরা। এরপর শহীদ মিনারে সমাবেশ করতে যায় তারা। কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টা থেকে সিএনজি চালকদের একটি সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হতে থাকেন। আমরা জানতে পারি সংগঠনটি জামায়াত ইসলামী সমর্থিত। তাই তাদের শহীদ মিনার থেকে সরে যেতে বলা হয়।" শহীদ মিনার থেকে সরিয়ে দেওয়ার পর মিছিল শুরু করলে আইন-শৃঙ্খলা রক্ষার 'স্বার্থে' পাঁচজনকে আটক করা হয় বলে ওসি জানান। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ শেষে চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ মিছিলে বাধা দেয় বলে জানান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "আমরা প্রশাসনকে জানিয়ে আজকের কর্মসূচি আয়োজন করেছি। অথচ শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে।" গ্রেপ্তার আলী আকবর তাদের সংগঠনের সভাপতি বলে জানান হারুন। কর্মসূচির সঙ্গে রাজনৈতিক কোনো দলের সংশ্লিষ্টতা নেই দাবি করে তিনি বলেন, "আটককৃতদের আজকের (মঙ্গলবার) মধ্যে ছেড়ে দেওয়া না হলে কাল (বুধবার) থেকে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু ধর্মঘটের ডাক দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২৩০ ঘ.