২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বাজারে আগুন, আহত ৩০

শরীয়পুর সদরের পালং উত্তর বাজারে সোমবার সকালে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 01:52 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

শরীয়তপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়পুর সদরের পালং উত্তর বাজারে সোমবার সকালে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। এছাড়া একটি দোতলা বসতবাড়ি ও চার ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করছেন তারা। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি বলে জানান শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রবিউল্লাহ। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে জেলার ডামুড্যা, গোসাইরহাট ও শরীয়তপুর সদর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মকর্তা আরো জানান, আগুনে নেভাতে গিয়ে আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্যামসুন্দর দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১ টায় বাজারের পিছনে একটি বসত ঘরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। এরপর তা দ্রুত ছড়িয়ে বাজারের অন্যান্য দোকানে ধরে যায়। আগুনে ১২টি দোকান ছাড়াও তার একটি দোতলা বসতবাড়ি এবং জাকির হোসেন মুন্সীর চারটি ঘর পুড়ে গেছে বলে শ্যামসুন্দর জানান। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের মিতালী ট্রের্ডাসের স্বত্বাধিকারী মাহমুদুল ইসলাম রিপন বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আরো আগে এলে এতো বেশি ক্ষতি হতো না। তবে দমকল কর্মর্তা রবিউল্লাহ বলেন, তারা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান। শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ক্ষয়ক্ষতির তালিকা করতে বলা হয়েছে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে। তালিকা পেলেই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪০ ঘ.