গোপালগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোশাক শ্রমিক নেতা মোশরেফা মিশুর মুক্তির দাবি করেছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেন।
সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দীঘিরপাড় গ্রামে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
সাংবাদিক ও কলাম লেখক নির্মল সেন বলেন, পোশাক কারখানার মালিকদের চক্রান্তে একটি মিথ্যা মামলায় মিশুকে গ্রেপ্তার করা হয়েছে।
মিশুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, "আমি সারা জীবন জামায়াতের বিরোধিতা করেছি। মিশু কেন আমার দলের কারো সঙ্গেই জামায়াতের কোনো সম্পর্ক নেই।"
অবিলম্বে মিশুকে মুক্তি দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
গুরুতর অসুস্থ্য নির্মল সেন বর্তমানে কোটালীপাড়ার গ্রামের বাড়িতে আছেন।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মিশুকে গত ১৪ ডিসেম্বর শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ইতোমধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা হেফাজতে নিয়েছে। মিশুর বিরুদ্ধে জামায়াতের মহানগর নেতা রফিকুল ইসলাম খানের সঙ্গে তার গাড়িতে বসে কথা বলার অভিযোগও এনেছে পুলিশ।
মিশুর আইনজীবীরা অভিযোগ করেছেন, পুলিশ হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24