চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারী এলাকায় চারটি হাতবোমাসহ এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শামীম হাসান নিষিদ্ধ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ। শামীমের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রামে।
পুলিশের তাড়া খেয়ে এসময় আরো তিন জঙ্গি একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
রোববার সন্ধ্যা ৭টায় হাটহাজারী উপজেলার আলীপুর এলাকার মেডিক্যাল গেট সংলগ্ন ডাক্তার শফির বাড়ির নিচতলার একটি মেসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত সেখানে পুলিশের তল্লাশি চলছিলো।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীপুর এলাকার মেডিক্যাল গেট সংলগ্ন ডাক্তার শফির বাড়ির নীচতলার একটি মেসে বোমা নিয়ে জঙ্গিরা কোনো নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
তিনি জানান, তিন-চার জনের একটি সশস্ত্র জঙ্গিগ্র"পের একজনকে পুলিশ চ্যালেঞ্জ করলে ওই দলেরই অন্যরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেসের বাইরে একটি নারিকেল গাছে বাধা অবস্থায় একটি বোমা পাওয়া গেছে। এছাড়া একটি ব্যাগে আরো তিনটি বোমা পাওয়া যায়।
ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে উল্লেখ করে তিনি জানান, অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০১ ঘ.
bdnews24