২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের বিলে ডলফিন মেরেছে স্থানীয়রা

গোপালগঞ্জেরর কাশিয়ানী উপজেলার চান্দা বিলে আসা একটি ডলফিন মেরে ফেলেছে স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 07:52 PM

গোপালগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জেরর কাশিয়ানী উপজেলার চান্দা বিলে আসা একটি ডলফিন মেরে ফেলেছে স্থানীয়রা। রোববার সকালে টেটাবিদ্ধ করে ডলফিনটিকে মারা হয়। এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে বিলের হাতিয়াড়া খালে মাছ ধরার সময় জেলেরা ডলফিনটি দেখে বড় মাছ ভেবে স্থানীয়দের ডাকেন। এলাকার ৮/১০ জন তরুণ প্রায় আড়াই ঘণ্টা পেছনে ছুটে ডলফিনটিকে টেটা দিয়ে খুঁচিয়ে ডাঙ্গায় তোলে। সাড়ে ৮টার দিকে ডলফিনটি মারা যায়। আট ফুট তিন ইঞ্চি লম্বা ডলফিনটির পিঠ ও চোখসহ শরীরের সবখানে টেটার আঘাতের দাগ রয়েছে। এটির আনুমানিক ওজন একশ' কেজি বলে স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শী মিলন মোল্লা বলেন, ভোর ৫টা থেকে পেছনে ছুটে প্রায় আড়াই ঘণ্টা পর টেটাবিদ্ধ করে সকাল সাড়ে ৭টার দিকে ডলফিনটিকে ধরি। গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস ছবি দেখে এটি ডলফিন বলে শনাক্ত করেন। তিনি বলেন, ডলফিন ও শুশুক একই গোষ্ঠীর প্রাণী। দিনদিন আবাসস্থল নষ্ট হওয়ায় এ অঞ্চল থেকে ডলফিন বিলুপ্ত হতে চলেছে। এছাড়া একইদিন সকালে মধুমতি নদীতেও একটি ছোট ডলফিন ধরা পড়েছে। প্রায় পাঁচশ' গ্রাম ওজনের ডলফিনটি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞানের ল্যবরেটরিতে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.