নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ও তার ছেলের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে।
রোববার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আশ্রাফুজ্জামান জিলানীর আদালতে মামলাটি দায়ের করেন ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সওদাগর মোল্লার স্ত্রী হাওয়া বেগম।
বিচারক বিষয়টি তদন্ত করতে সদর থানাকে নির্দেশ দিয়েছেন।
ফাতেমা মনিরের ছেলে ফাহিম, সোহেল, ফারুক ও বিল্লাল ছাড়াও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে মামলায় আসামি করা হয়।
এতে ফাতেমা মনিরের ছেলে ও অপর আসামিদের সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে ফাতেমা মনিরের ছেলেসহ আসামিরা বাদীর বাড়ি গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
তারা দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে।
এ সময় তারা বাদীনির মেয়ে ও পুত্রবধূাক মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের প্ররোচনায় এই হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ব্যাপারে ফাতেমা মনির বলেন, তাকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বা তার ছেলে ঘটনার সঙ্গে জড়িত নন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে ছেলের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় ফতুল্লা মডেল থানায় গিয়ে ফাতেমা মনির হইচই ও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। দুই পুলিশ কর্মকর্তাকে দেখে নেওয়ারও হুমকি দেন।
ওই ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদী হয়ে একটি সাদারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24