২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর ও লক্ষীপুরে দুর্ঘটনায় নিহত ৩

মাদারীপুর ও লক্ষীপুরে রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর ও লক্ষীপুরে রোববার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: মাদারীপুর: জেলার কালকিনি উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত যান নছিমন খাদে পড়ে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বেলা ১২টার দিকে উপজেলার মিয়ারহাট-খালেকের হাট সড়কের ভবানিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সোবাহান কাজির (৪০) বাড়ি উপজেলার ভবানীপুর গ্রামে। কালকিনি থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নছিমনটি মিয়ারহাট-খালেকের হাট সড়কে রাস্তার পাশে বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে সোবাহান কাজি ঘটনাস্থলেই মারা যান। আহত বাবুল চৌকিদার (৩০) ও শাহ আলম মৃধাকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষীপুর: লক্ষীপুর-ভোলা সড়কে সিএনজি চালিত অটো রিকশা ও বালুভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। সকাল ৬টার দিকে লক্ষীপুর জেলার মজু চৌধুরী হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিগা গ্রামের প্রয়াত আবদুল আলির ছেলে হাফেজ হানিফ (৫০) এবং মো. এসহাকের ছেলে মো. ইব্রাহিম (৩৫)। আহত হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন গ্রামের পারভেজ (২০), আলমগীর (৪০), মাহফুজুর রহমান (৩৫) এবং অজ্ঞাত একজন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাটির সঙ্গে মজু চৌধুরী হাট সড়কে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ ও ইব্রাহিম মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৭ ঘ.