বরিশাল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মুলাদীতে এক মেয়র প্রার্থীর সমর্থককে মারধর করেছে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য বিএনপিতে যোগদানকারী মেয়র প্রার্থী হারুন-অর-রশিদ খানের সমর্থনে রোববার বেলা ১১টার দিকে মুলাদী বালিকা বিদ্যালয় সংলগ্ন মল্লিক বাড়ীতে গণসংযোগ করতে যান মুলাদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মুলাদী ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক ইকবাল হোসেন।
ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী শফিকুজ্জামান রুবেল তার কর্মী সমর্থকদের নিয়ে এ সময় ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন।
ওই বাড়িতে ইকবাল হোসেনকে দেখে শফিকুজ্জামান রুবেলের সমর্থকরা এসে তাকে এলোপাতারি কিল ঘুসি মারতে থাকে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।
ইকবাল হোসেন জানান, তিনি এ ঘটনায় এখনই আইনের আশ্রয় নেবেন না।
শফিকুজ্জামান রুবেলের সাথে যোগাযোগ করার জন্য তার সেলুলার টেলিফোনে ফোন করা হলে বাবু খান নামে একজন ফোন ধরেন এবং নিজেকে তার ভাগ্নে পরিচয় দিয়ে ইকবাল হোসেনকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৪৪ ঘ.
bdnews24