শেরপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত 'মাইন' জাতীয় বিস্ফোরক দ্রব্যগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা'র বলে জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর।
ঝিনাইগাতি নকশি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মফিজুল ইসলাম রোববার এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'সংযুক্ত মুক্তি বাহিনী অসম' বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফার) এর ফেলে যাওয়া গোলাবারুদ।"
তিনি বলেন, উলফাদের তৎপরতা আগের চেয়ে অনেকাংশে কমে যাওয়ায় তারা আবার নতুন করে এ দেশের সীমান্ত এলাকায় বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।
"কিন্তু বিডিআরের ব্যাপক তৎপরতার কারণে সে চেষ্টা সফল না হওয়ায় তারা ওই গোলা-বারুদ ও সংগঠনের বিভিন্ন কাগজপত্র, সিডি, অস্ত্রের সরঞ্জামাদি ফেলে রেখে যাচ্ছে," বলেন তিনি।
উদ্ধারকৃত মাইন জাতীয় বিস্ফোরক দ্রব্যগুলো শনিবার রাতে ময়মনসিংহে ৪৫ রাইফেল ব্যাটেলিয়ান দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান মফিজুল ইসলাম।
তিনি বলেন, "এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং এর সঙ্গে বাংলাদেশের কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কি না তা খতিয়ে দেখে মাইন জাতীয় বিস্ফোরকগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।"
তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঝিনাইগাতি উপজেলার বাকাঁকুড়া গুচ্ছগ্রামের একটি জঙ্গল থেকে 'মাইন' জাতীয় সাতটি বিস্ফোরক উদ্ধার করা হয়। এর সঙ্গে ৯৭ রাউন্ড গুলিও পাওয়া যায়।
এছাড়াও গুচ্ছগ্রামের ওই জঙ্গল থেকে মাইন জাতীয় বিস্ফোরক ও গুলির সঙ্গে কয়েকটি সিডি, ১৯টি বিভিন্ন মোবাইল ফোনের সিম কার্ড, একটি মোবাইল সেট, ভারতীয় রুপি, একটি ম্যাগজিন, দুটি গুলির লিংক বেল্ট, তিনটি ওয়াকিটকি, পাঁচটি লিংক বেল্টের গুলির বাক্স, পাঁচটি পিস্তলের ক্লিনিংরড পাওয়া যায়।
ঝিনাইগাতি থানার ওসি আব্দুর রব প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকৃত গোলাবারুদগুলো তাদের কাছে হস্তান্তর করা না হলেও পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর ওই গুচ্ছগ্রাম থেকে ১৩ হাজার রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।
শেরপুরের জেলা প্রশাসক মো: নাসিরুজ্জামান বলেন, "সীমান্ত এলাকায় অস্ত্র, গোলা-বারুদ ও মাইন উদ্ধারের বিষয়টি খুবই বিপজ্জনক ও উদ্বেগজনক।"
ঝিনাইগাতি উপজেলার পিকনিক স্পট, অবকাশ কেন্দ্র ও নালিতাবাড়ি উপজেলার পিকনিক স্পট মধুটিলা ইকোপার্ক এলাকায় কোনো ধরনের বোমা, গুলি বা অস্ত্র আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪২৮ ঘ.
bdnews24