কক্সবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে তাদের পাশের বাড়ির এক ব্যক্তি নিহত হয়েছে।
সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঁশঘাটা গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। ওই সংঘর্ষে আহত হয়েছে আরো দুজন।
নিহতের নাম জাফর আলম (৫০)। আহতরা হলেন- নূর হোসেন (৬৫) ও আলী আহম্মদ (৪৮)।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশকাটা গ্রামের এজহার মিয়ার দুই ছেলে নূরুল ইসলাম ফকির ও নূর হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো। এর আগে শালিসও হয়।
শনিবার রাতে নূরুল ইসলাম গোল্ডেন ফার্ম সংলগ্ন ওই জমিতে নির্মাণ কাজ শুরু করলে সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, "নূর ইসলাম কাজ শুরু করলে নূর হোসেন বাধা দেয়। দুই সহোদরের মারামারির খবর শুনে থামাতে যান তাদের আত্মীয় জাফর আলম ও আলী আহমদ।"
রাত ১টার দিকে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নূর হোসেন, জাফর ও আহম্মদ আহত হন। হাসপাতালে নেওয়ার পথে জাফর মারা যান বলে পুলিশ জানায়।
আহত নূর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহম্মদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহম্মদ নিহত জাফরের ভাই।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24