২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলা জেলেপল্লীতে ডাকাতি, ১৬ জনকে অপহরণ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীতে বনদস্যুরা গণডাকাতি করে অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে। দস্যুদের হামলায় আহত হয়েছে শতাধিক জেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 02:56 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লীতে বনদস্যুরা গণডাকাতি করে অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে। দস্যুদের হামলায় আহত হয়েছে শতাধিক জেলে। দস্যুরা দিদারুল আলম (৫২) নামের এক বহদ্দার (জেলে মহাজন) ও ১৫ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে। এদের মধ্যে শুধু দিদারুল আলমের মুক্তির জন্যই পঞ্চাশ লাখ টাকা দাবি করা হয়েছে। দুবলার চারটি চরে জেলেপল্লীতে বৃহস্পতিবার রাতে দস্যুরা এ ডাকাতি শুরু করে। ডাকাতি চলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় দুবলা জেলেপল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুন্দরবন পূর্ব বিভাগ এবং কোস্টগার্ডের দুটি দল শনিবার সকালে দুবলার উদ্দেশ্যে রওনা হয়। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোলে সাতটি চর নিয়ে গঠিত দুবলা জেলেপল্লী। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত পনের থেকে কুড়িজন বহদ্দারের নেতৃত্বে প্রায় পনের হাজার জেলে মৎস্য শিকার ও শুটকি তৈরির কাজে নিয়োজিত থাকে। সুন্দরবন বিভাগ ও মৎস্য ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বনদস্যু জুলফিকার ও গামা বাহিনীর পঞ্চাশ-ষাটজনের সশস্ত্র একটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দুবলা জেলেপল্লীর নাড়িকেলবাড়িয়া, শেলার চর, আলোরকোল ও মেহের আলীর চরে হামলা চালায়। তারা জেলেদের মেরে নগদ টাকা, মোবাইল ফোন ও নিত্যপ্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। লুটে নেওয়া মালামালের বাজারমূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। বনদস্যুদের প্রহারে শতাধিক জেলে আহত হয়। দস্যুরা চট্টগ্রামের বাঁশতলির বহদ্দার দিদারুল আলমকে অপহরণ করে নিয়ে যায় এবং পঞ্চাশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বনদস্যুরা জেলেদের ঘরপ্রতি ত্রিশ হাজার টাকা চাঁদা ধার্য করে দিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার নারকেলবাড়িয়া চরে দস্যুদের প্রহারে গুরুতর আহত পিরোজপুর জেলার তুষখালী গ্রামের সোহরাব, খুলনার পাইকগাছার ওলিয়ার ও কৃষ্ণপদ নামের তিন জেলেকে আশঙ্কাজনক অবস্থায় খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদেরকে কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, "শুক্রবার বিকেলে দস্যুরা আবার নারকেলবাড়িয়া চরে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। এ সময় তারা বহরদার শিবপদ বিশ্বাসের কাছ থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং মৎস্য ব্যাবসায়ী খোকনের ম্যানেজার কুতুব উদ্দিনকে বেদম প্রহার করে।" তিনি আরো বলেন, "দস্যুরা দুবলার চরের ৮টি ও নারকেল বাড়িয়া চরের ৫টি ডিপোতে ডিপো প্রতি ৫ লাখ টাকা এবং জেলেঘর প্রতি ত্রিশ হাজার টাকা চাঁদা দাবী করে এবং রোববারের মধ্যে টাকা পরিশোধ না করলে ডিপো মালিকদের হত্যার হুমকি দিয়ে যায়।" সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দস্যুরা দিদার বহদ্দার ও ১৫ জেলেকে অপহরণ করেছে বলে আমরা খবর পেয়েছি।" তিনি জানান, দিদারের মুক্তির জন্য তারা পঞ্চাশ লাখ টাকা এবং জেলেপল্লীর ঘরপ্রতি ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে গেছে। তিনি অপহৃত অন্যদের পরিচয় জানাতে পারেননি। মিহির কুমার দো বলেন, "সুন্দরবনে বনদস্যুরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এখন একাধিক দস্যুদল যৌথভাবে কাজ করছে। ফলে সুন্দরবনে তাদের শক্তি বনকর্মীদের তুলনায় বহু অংশে বেড়ে যাচ্ছে। এই অবস্থায় বনজীবী ও মৎস্যজীবীদের জন্য সুন্দরবনে ঢোকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।" কোষ্টগার্ড পশ্চিম জোনের লে. শামীম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনা জানার পর তাদের টহল জাহাজ সিজিএস বগুড়াকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৬ ঘ.