২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত চারজন সেদিনই প্রথম কাজে যান

খিলক্ষেতে শুক্রবারের অগ্নিকাণ্ডে নিহতদের চারজন সেদিনই প্রথম কাজে যান বলে জানিয়েছেন নিহতদের এক স্বজন। তার এক আত্মীয় আহত অবস্থান চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খিলক্ষেতে শুক্রবারের অগ্নিকাণ্ডে নিহতদের চারজন সেদিনই প্রথম কাজে যান বলে জানিয়েছেন নিহতদের এক স্বজন। তার এক আত্মীয় আহত অবস্থান চিকিৎসাধীন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খিলক্ষেতের নামাপাড়ায় বোর্ডগার্ড এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ডে নিহত হন হাজেরার ছেলে রাসেল, হাজেরার ভাই ইউসুফ, ভাগ্নে তোফাজ্জল আর ভাতিজি জামাই আমিনুর। ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা এখন ছয়জনে দাঁড়িয়েছে। নিহত অন্য দু'জন হলেন- আলমাস (২৫) ও আনোয়ার (২৩)। ছেলে রাসেলের কথা স্মরণ করে হাজেরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার দুপুরে বলেন, "এক হাজার টাকাই আমার সোনাকে কোল থেকে নিয়ে গেছে।" শুধু ছেলে নয় নিহত বাকি স্বজনদের কথা মনে করেও আহাজারি করেন হাজেরা। তিনি জানান, তাদের সবার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে। দিনে তারা অন্য কাজ করতো। কেউ ফেরি করে ঝাল মুড়ি বিক্রি করতো কেউবা সবজি বিক্রি করে সংসার চালাতো, আবার পোশাক কারখানায়ও কাজ করতো কেউ। অভাবের সংসারে একটু বেশি আয়ের সুযোগ খুঁজছিলেন তারা সবাই। হাজেরা জানান, রাত ৯টার পর নামা বাড়ির গুডনাইট কয়েলের গোডাউনে তারা কাজ পেয়ে যায়। মজুরি ঠিক হয় এক হাজার টাকা। "সেদিনই ছিল তাদের প্রথম কাজের দিন। ছেলেকে তাই ভাল করে খাইয়ে দিয়েছিলাম।" "গোডাউনেরই একজন অভয় দিয়ে বলেছিল, কোনো বিপদের কাজ নয়। তবে 'মালগুলো' সব ঠিক করে দিতে হবে," বলেন হাজেরা। এদিকে নামাপাড়ার ওই গুদামটিকে পুলিশ প্রথমে গুডনাইট মশার কয়েলের কারখানা বললেও শনিবার সকালে সেখানে গিয়ে গুডনাইট অ্যারোসলের গুদামের নজির পাওয়া যায়। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মো. রোকনুজ্জামান শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুদামটি ভারতীয় প্রতিষ্ঠান গোদরেজ সারা লী (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের বলে স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার বদরুল ইসলাম। বদরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওটা আমাদের একটি গোডাউন। সেখানে কোনো ধরনের সামগ্রী তৈরি হয় না।" অগ্নিকাণ্ডে ছয় জন নিহত এবং পাঁচ জন আহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সেখানে আমাদের এত লোক থাকার কথা নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেবি/পিডি/২০৩০ ঘ.