খাগড়াছড়ি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি সার্কিট হাউজে রোববার বিকালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া একই স্থানে পরদিন সোমবার সকালে অনুষ্ঠিত হবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সভা।
শনিবার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর একান্ত সচিব মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় খাগড়াছড়ি জেলা প্রশাসককে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সাজেদা চৌধুরী ছাড়াও কমিটির দুই সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংসহতি সমিতি সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এবং ভারত প্রত্যাগত শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরাও উপস্থিত থাকবেন।
এদিকে সন্তু লারমার খাগড়াছড়ি আগমনের প্রতিবাদে শনিবার বেলা ২টায় প্রতিবাদ মিছিল করে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম।
মিছিলটি শহরের মহাজন পাড়া থেকে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা সন্তু লারমাকে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করেন। শান্তিচুক্তি করার জন্য তারা সন্তু লারমাকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24