ফরিদপুর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী শনিবার দুপুরে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার গোন্দারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী (১১) বেলা ১২টার দিকে তার আলামপুর গ্রামের বাড়ির অদূরে বসে আখ খাচ্ছিল। এ সময় একই গ্রামের বক্কার মীরের ছেলে আমীরুল মীর (২৫) কৌশলে তাকে পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
ছাত্রীর চিৎকার শুনে লোকজন এগিয়ে আমীরুল পালিয়ে যায়। এলাকাবাসী ছাত্রীটিকে উদ্ধার করে।
হাসপাতালে চিকিৎসক জয় জানান, ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তা বন্ধে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মধুখালীর থানার ওসি সৈয়দ মহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৫ ঘ.
bdnews24