রাজশাহী, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের ওপারে ভারতীয় এলাকা থেকে এক বাংলাদেশী রাখালের লাশ উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার রাতে পদ্মা নদীর ওপারে ভারতীয় এলাকা খানপুর থেকে তাজেরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়।
তাজেরুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিয়ালিমারী গ্রামে।
রাজশাহীর মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, বুধবার বিকালে ওই এলাকার রাখাল তাজেরুল, আনারুল ও মজিবুর রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার দক্ষিণে পদ্মা নদী পার হয়ে খানপুর সীমান্ত দিয়ে ভারত যায়। পরদিন দু'জন ফিরে এলেও তাজেরুল আসেনি।
খবর পেয়ে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করলে বিএসএফ খানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে লাশ হস্তান্তর করে।
রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানায় লাশ নিয়ে আসা হয়।
ওসি আরো বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তার চাচা মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24