২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন: চাঁদপুরে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁদপুরের ৬টি পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চাঁদপুর, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ৬টি পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে মেয়র পদে ৬ জন, মহিলা কাউন্সিলর পদে ২ জন ও কাউন্সিলর পদে ৬ জন। গত ২২ ও ২৩ ডিসেম্বর এসব পৌরসভার মনোনয়নত্র যাচাই-বাছাই হয়। আগামী ১৮ জানুয়ারি জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব ও ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন এসব পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে। ছেংগারচর পৌরসভায় মেয়র পদে রফিকুল আলম জজ ও সারোয়ারুল আবেদীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ফাতেমা বেগম এবং কাউন্সিলর পদে আব্দুর রশিদ ও ইসমাইল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কচুয়া পৌরসভায় মেয়র প্রার্থী মোতাহের হোসেন দুলাল, নজরুল ইসলাম এবং ওমর ফারুকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ও ৬নং ওয়ার্ডের জহিরুল হকের মনোনয়নপত্র বাতিল হয়। ফরিদগঞ্জ পৌরসভায় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাজীগঞ্জ পৌরসভায় মেয়র পদে শাহাবুদ্দিন শাহীন, সংরক্ষিত কাউন্সিলর পদে সাহিদা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জেলার মতলব ও শাহরাস্তি পৌর নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, "নানা ধরনের ভুল-ভ্রান্তি থাকায় এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৪৫ ঘ.