ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে কোনো নথিতে স্বাক্ষরের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তার স্বাক্ষর সম্বলিত একটি চিঠি একটি দৈনিকে ছাপা হওয়ার পর এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি শুক্রবার সকাল ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "অল আর রাবিশ। এ বিষয়ে কোনো নথি আমার কাছে আসেনি। এ ধরনের কোনো চিঠিতে আমি স্বাক্ষর করিনি।"
দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ওই চিঠিতে অর্থমন্ত্রীর স্বাক্ষরের নিচে তারিখ দেওয়া আছে ১৩ নভেম্বর, ২০১০। সেই চিঠির সূত্র ধরে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ১৩ নভেম্বরের আগে কোনো এক সময় ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
তবে এখন অর্থমন্ত্রীর বক্তব্যে ওই নথির সত্যতাই প্রশ্নের মুখে পড়লো।
একদিন আগেই ইউনূসের পদত্যাগের খবর প্রকাশিত হয় দৈনিক যুগান্তর ও সমকালে। তবে সে খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেন গ্রামীণ ব্যাংক প্রধান।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুটি পত্রিকায় যে খবর ছাপা হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি পদত্যাগ করিনি।"
গত ৩০ নভেম্বর নরওয়ে টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে নোবেলজয়ী ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া কোটি কোটি বিদেশি ডলার অন্য একটি তহবিলে সরানোর অভিযোগ তোলা হয়। যার ভিত্তিতে ১ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি প্রকাশ্য হয়।
এরপর প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা ইউনূসকে নিয়ে তির্যক মন্তব্য করেন। ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের কথাও বলা হয়।
এরপর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের অর্থ অনিয়মের মাধ্যমে অন্য তহবিলে সরানোর যে অভিযোগ উঠেছে তা তদন্ত করবে সরকার।
তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংক ও ইউনূসের পক্ষ থেকে বলা হয়, বিদেশি কোনো অর্থ আত্মসাত কিংবা অপব্যবহার করা হয়নি। আর তহবিল সরানোর বিষয়টি ১৯৯৮ সালেই সুরাহা হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমআই/১১৪৫ ঘ.
bdnews24