চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার বিএনপিনেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আলতাফ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা এবং ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আলতাফ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত শুরু হয়েছে।
তদন্তের অংশ হিসেবে তিনি মামলার বাদি একই থানার ওসি (প্রশাসন) মো. মফিজউদ্দিনের সঙ্গে কথা বলেছেন। এছাড়া তিনি ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।
সালাউদ্দিন কাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন তৈরি করা হয়েছে জানিয়ে আলতাফ বলেন, "আগামীকাল (শুক্রবার) তা আদালতে উপস্থাপন করা হবে।"
মঙ্গলবার রাতে সাকার নির্বাচনী এলাকা ফটিকছড়ি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন ফটিকছড়ি থানার ওসি (প্রশাসান) মো. মফিজউদ্দিন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এক বছর আগে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছে।
ফটিকছড়ির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে যুদ্ধাপরাধের মামলায়ও ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত বছরের ২০ নভেম্বর সাংসদ সাকা চৌধুরী তার নির্বাচনী এলাকা ফটিকছড়িতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বক্তব্যে "১৫ অগাস্ট জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন জাতি একদলীয় শাসন থেকে মুক্তি পেয়েছে। ১৫ অগাস্ট না হলে জাতি ভোটের অধিকার ফিরে পেত না।"- মর্মে বক্তব্য দেন।
একই সভায় সাকা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায় নিয়ে "এ রায় জাতি গ্রহণ করেনি। তবে এ হত্যাকাণ্ড থেকে আমাদের অনেক কিছু শেখার আছে"- বলে উল্লেখ করেন।
মো. মফিজ বলেন, "এসব বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি দেয়।"
এর আগে ফটিকছড়ি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী আবু তাহের গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে একই অভিযোগে আদালতে মামলা দায়ের করেছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছরের ৭ অক্টোবর মামলাটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অনুমোদন দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২০৯ ঘ.
bdnews24