২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিক্রির সময় টিয়া ময়না উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় ফেরি করে বিক্রির সময় বিলুপ্ত প্রজাতির হলুদ ও সাদা টিয়া, মুনিয়া, ময়না ও বেজি উদ্ধার করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় ফেরি করে বিক্রির সময় বিলুপ্ত প্রজাতির হলুদ ও সাদা টিয়া, মুনিয়া, ময়না ও বেজি উদ্ধার করেছে বন বিভাগ। পাথরঘাটার সেন্ট প্লাসিড স্কুল সংলগ্ন এলাকা থেকে বুধবার বিকালে এসব পাখি উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানায় বন বিভাগ। উদ্ধার করা পাখিগুলো শুক্রবার কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করা হবে। বণ্যপ্রাণি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাঁচায় করে পাথরঘাটা সেন্ট প্লাসিড স্কুলের পাশে বিক্রি করার সময় পাখিগুলো উদ্ধার করা হয়। বন বিভাগের লোকজন দেখে খাঁচা রেখে বিক্রেতা পালিয়ে যায়। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে একটি সাদা টিয়া, দুটি হলুদ টিয়া, তিনটি সাধারণ টিয়া, দুটি কালো ময়না ও ১৩ টি মুনিয়া। এসময় একটি বেজিও উদ্ধার করা হয়। হলুদ টিয়া আকৃতিতে সাধারণ টিয়ার চেয়ে কিছুটা ছোট হয় উল্লেখ করে তিনি বলেন, এদের সমস্ত শরীর সবুজাভ হলুদ। পালকে কালো হলুদ রঙের ডোরাকাটা। সাদা টিয়ার পুরো শরীর সাদা। গলার নিচে সবুজাভ ও পালকে কিছুটা ডোরাকাটা। মোজাম্মেল হক শাহ বলেন, "একসময় পার্বত্য এলাকা ও কক্সবাজার অঞ্চলে সাদা ও হলুদ টিয়া চোখে পড়ত। কিন্তু এখন এ দুটি প্রজাতি বিলুপ্ত প্রায়। উদ্ধার করা পাখিগুলো শুক্রবার সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে।" ১৯৭৪ সালের বন্যপ্রাণি সংরক্ষন আইনে বন্য পাখি বা প্রাণী হত্যা করলে কিংবা ধরলে নূন্যতম ছয়মাস থেকে এক বছরের কারাদণ্ড অথবা ৫০০ থেকে এক হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/২০৩৫ ঘ.