সাভার, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
তিনি বলেন, "যারা ফাঁকি দেয় তাদের কর দিতে উদ্ধুদ্ধ করতে প্রথমে বোঝানো হবে। এতে ব্যর্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এমনকি তাদের ওপর এনবিআরের গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।"
বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, মিরপুর বিভাগ ও সাভার সার্কেল আয়োজিত এক মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি জানান, দেশে নিবন্ধিত প্রায় ২৪-২৫ লাখ আয়কর দাতার বেশিরভাগই নিয়মিত কর দেন।
রাজস্ব বোর্ডকে আরও গতিশীল করতে আগামী জানুয়ারি মাসে পরিদর্শক পদে ১৫২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এনবিআর প্রধান।
নাসিরউদ্দিন বলেন, 'ওয়ান ইলেভেনের' প্রেক্ষাপটে ভয়ভীতি দেখিয়ে যে পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে এখন তার চেয়ে বেশি রাজস্ব আদায় হচ্ছে।
ব্যবসায়ীদের মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাত থেকে প্রায় ৬০ শতাংশ রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে।
মূল্য সংযোজন কর (মূসক) প্রদান, মূসক চালানপত্র ইস্যু করা, যথাসময়ে দাখিলপত্র পেশ করা, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহার এবং মূসক সংক্রান্ত দলিল সংরক্ষণে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য (মূসক) আব্দুল মান্নান পাটোয়ারী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মিরপুর বিভাগের উপকমিশনার প্রমীলা সরকার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24