নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৫) সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কম্পিউটার অপারেটর। তিনি ঢাকার মতিঝিলে কোম্পানির কার্যালয়ে কর্মরত ছিলেন।
রাকিব নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দুসী এলাকার কুদ্দুস মোল্লার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার সাংবাদিকদের জানান, ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, রাকিবের মামা নাসির উদ্দিন বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।
নাসির পুলিশকে বলেছেন, রাকিব ঢাকার ফকিরাপুল এলাকার একটি মেসে ভাড়া থাকতেন।
মঙ্গলবার তাকে মোবাইল ফোনে রাকিব জানায়, সে তিন মাস আগে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এক কোটি টাকার একটি বীমা করেছে। তিন মাস পরপর কিস্তির টাকা পরিশোধ করে।
বীমা করার পর থেকে কোম্পানির দুই উর্ধ্বতন কর্মকর্তা ও তার গ্রামের বাড়ি নড়াইল এলাকার শাহাদাৎ উল্লাহ নামের এক ব্যক্তি তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে।
নাসির বলেন, বুধবার দুপুর থেকে রাকিব নিখোঁজ থাকে। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে তিনি (নাসির) নারায়ণগঞ্জ এসে রাকিবের লাশ সনাক্ত করেন।
তার দাবি, বীমার টাকার জন্যই তার ভাগ্নেকে হত্যা করা হয়েছে। তার ধারণা, রাকিবের কাছ থেকে সাদা কাগজে, চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24