২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার হলো অপহৃত মায়া খাতুন

ঢাকার কমলাপুর এলাকা থেকে অপহৃত হওয়ার একদিন পর স্কুলছাত্রী মায়া খাতুন (১০) সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কমলাপুর এলাকা থেকে অপহৃত হওয়ার একদিন পর স্কুলছাত্রী মায়া খাতুন (১০) সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে উদ্ধার হয়েছে। সে সিরাজগঞ্জের সয়দাবাদ গুচ্ছ গ্রাম এলাকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী এবং মাংস বিক্রেতা বাবু মিয়ার মেয়ে। মায়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা ঢাকার কমলাপুর এলাকায় মাংস বিক্রেতা। ১৭ দিন আগে সে বাড়ি থেকে বাবার কাছে বেড়াতে যায়। বুধবার বিকেলে অপরিচিত ২ ব্যক্তি তাকে ফাঁকি দিয়ে সিএনজি স্কুটারে তুলে কমলাপুর রেল ষ্টেশনে নিয়ে যায়। সেখান থেকে ট্রেন যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ষ্টেশনে নিয়ে আসে। সে জানায়, ২ ব্যক্তির মধ্যে একজন পথিমধ্যে ট্রেন থেকে নেমে যায় এবং অপরজন তার সাথে ছিল। রাত ১১টার দিকে তাকে হাত বেধে ও মুখে টেপ লাগিয়ে সিএনজি স্কুটার যোগে উল্লাপাড়া বাস টার্মিনালের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্কুটার তাকে নিয়ে উল্লাপাড়ার পশ্চিমপাড়া এলাকার দিকে যেতে থাকে। একপর্যায়ে রাত ২টার দিকে হাতের বাধন হঠাৎ খুলে গেলে মায়া খাতুন মুখের টেপ ছাড়িয়ে চিৎকার দেয়। এ সময় অপহরণকারী সটকে পড়ে এবং সে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী আশরাফ আলীর বাড়িতে আশ্রয় নেয়। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংবাদ পেয়ে সকালে তিনি ঐ বাড়িতে যান। মায়ার পরিবারে সংবাদ দেওয়া হয়েছে। তারা শিশুটিকে নেওয়ার জন্য রওনা হয়েছে। শিশুটি এখনও আশরাফ আলীর হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩০ ঘ.