ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে দুর্নীতির ব্যাপকতা টিআইবি জরিপের চেয়েও অনেক বেশি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র (টিআইবি) এক জরিপে বৃহস্পতিবার বলা হয়েছে। গোল টেবিল বৈঠকে উপস্থাপিত ওই জরিপের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
তবে গোল টেবিল বৈঠকে উপস্থিত গোলাম রহমান বলেন, "টিআইবির জরিপ দুর্নীতির সার্বিক চিত্র নয়। এটা আংশিক চিত্র। দেশে দুর্নীতির ব্যাপকতা আরো অনেক বেশি।"
তিনি বলেন, "২০০৭ সালে বিচার বিভাগ স্বাধীন ছিলো না। কিন্তু এখন স্বাধীন হয়েছে। মানুষের পারসেপশনে বিচার বিভাগে দুর্নীতি বেড়েছে।"
সাবেক কয়েকজন বিচারপতির সম্পদের হিসাব চাওয়া হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "কোনো অনিয়ম ধরা পড়লে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
দুর্নীতি কমানোর জন্য বিচার বিভাগের সংস্কার দাবি করে দুদক চেয়ারম্যান আরো বলেন, "আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি না পেলে একটা কেনো ১০টা দুদক দিয়েও কিছু হবে না। দুর্নীতির দায়ে প্রতিবছর যদি ১০০ জনও সর্বোচ্চ আদালতের রায় পেয়ে সাজা ভোগ করেন তাহলে ইতিবাচক ফল আসবে।
তবে এজন্য বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। বিচারকদের প্রশিক্ষণ দরকার", বলেন তিনি।
গোলাম রহমান দাবি করেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চেয়ে বর্তমানে দুদক প্রভাবমুক্ত হয়ে পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। কিন্তু দুদক একটি মামলাও প্রত্যাহার করেনি।"
তিনি আরো বলেন, "দেশের অর্থনীতির ৫০ শতাংশই কালো টাকা। তার মানে এ টাকা অবৈধ নয়। কিন্তু এটা নিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৯১২ ঘ.
bdnews24