ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন থানায় দায়ের এক মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মনোয়ার হোসেন ডিপজলের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
ঢাকা সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত কাউন্সিলর ও চলচ্চিত্র অভিনেতা ডিপজলকে দুই মামলায় দুই দফা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন হেফাজতে নেওয়ারও আবেদন জানায় পুলিশ।
তবে আদালত ওই মামলায় রিমান্ড নামঞ্জুরের পাশাপাশি তাকে জামিন দিয়েছে। তবে অন্য মামলায় জামিন না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তিনি।
বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের সময় গাড়িতে বিস্ফোরক ছোড়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায়
গত ২০ ডিসেম্বর ডিপজলকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।
রিমান্ড শেষে বৃহস্পতিবার ডিপজলকে অতিরিক্তি মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক।
এ সময় ডিপজলের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক তার জামিন আবেদন জানান।
শুনানি শেষে ডিপজলের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন হাকিম মোহাম্মদ আলী হোসাইন।
১৩ নভেম্বর সুইমিং পুলের কাছে একটি গাড়ি পোড়ানোর ঘটনায় মিরপুর থানায় দায়ের মামলায় ডিপজলকে বৃহস্পতিবার গ্রেপ্তার দেখিয়ে মহানগর হাকিম আদালতে তাকে সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান এসআই আবু জাহের খান।
মামলার অন্য ১৭ আসামির সবাই জামিনে থাকায় এবং মামলাটি জামিনযোগ্য হওয়ায় হাকিম তানিয়া কামাল রিমান্ড আবেদন নাকচ করে ডিপজলকে জামিন দেন।
ডিপজলের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও বখতিয়ার রহমান শুনানি করেন। সরকারপক্ষে কোনো কৌঁসুলি উপস্থিত ছিলেন না।
ডিপজলকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশকে মারধরের মামলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/এমআই/১৭০০ ঘ.
bdnews24