ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌর বিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (ইডকল) এ বছর সরকারকে আট কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি গত ২০০৯-১০ অর্থবছরে ২৯ কোটি টাকা মুনাফা করেছে। এ থেকে প্রতিষ্ঠানটি সরকারকে এই পরিমাণ লভ্যাংশ দিয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইডকল-এর পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে গত অর্থ বছরের লভ্যাংশ হস্তান্তর করা হয়।
ইডকলের চেয়ারম্যান অর্থনৈতিক সম্পর্ক সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঁয়া একটি চেকের মাধ্যমে এ লভ্যাংশ হস্তান্তর করেন।
লভ্যাংশ হস্তান্তর প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "বেসরকারি খাতে বাস্তবায়িত বড় ও মাঝারী আকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও নবায়নযোগ্য শক্তি প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে ইডকল দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান।"
"দেশে সৌর বিদ্যুৎ এবং বায়োগ্যাস প্রকল্পে প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় সাত লাখ সৌর বিদ্যুৎ প্যানেল সরবরাহ করেছে", তিনি বলেন।
মন্ত্রী জানান, ইডকল গত ২০০৯-১০ অর্থ বছরের নিট মুনাফার উপর সরকারকে আট কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। গত অর্থবছরে ইডকলের নীট মুনাফা ছিল ২৯ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৩১ ঘ.
bdnews24