ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, রাজধানীর চারপাশে নদী দখলে আওয়ামী লীগের কোন নেতা জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।
ঢাকা'র ৪০০ বছর উদযাপনের সমাপনী পর্বে বৃহস্পতিবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত 'সিটি গ্র"প টেস্ট অব ঢাকা-২০১০' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, "এক সময় বুড়িগঙ্গা নদী ঢাকার বিনোদন কেন্দ্র ছিল। কিন্তু দূষনের জন্য সেখানে আজ যাওয়া যায় না। বুড়িগঙ্গার সেই অবস্থা ফিরিয়ে আনার জন্য দখল মুক্ত করা হবে। ঢাকার ঐতিহ্যকে ধরে রাখার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।"
বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, "ঢাকার ৪টি নদী সরকারি দলের নেতা ও মাস্তানরা দখল করে রেখেছে। সরকার দলীয় নেতারা এ দখলের সাথে জড়িত বলে এসব নদী উদ্ধার করা হচ্ছে না। নদী দখলকারী এই ভূমিদস্যুদের ঠেকানোর জন্য অবিলম্বে সরকারের পদক্ষেপ নেয়া উচিৎ।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঢাকার ঐতিহ্য রক্ষায় কোন কাজ করেন না উল্লেখ করে মুনতাসীর মামুন বলেন, "নগর জাদুঘর ও অন্যান্য স্থাপনা রক্ষায় নগর পিতারা কোন কাজই করেননি। ঢাকার ঐতিহ্য রক্ষার নামে তারা শুধু ভণ্ডামি করে যাচ্ছে।"
ঢাকা কেন্দ্র ও স্পেলবাউন্ড যৌথভাবে তিনদিন ব্যাপী এ মেলার আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। ঢাকার নাম করা ৫০টি ঢাকাইয়া খাবারের দোকান এ মেলায় অংশ নিচ্ছে। এছাড়া মেলায় ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতিক আয়োজন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৫৫৯ ঘ.
bdnews24