ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছে আপিল বিভাগ, ফলে সেখানে নির্বাচন অনুষ্ঠানের বাধা কাটলো।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত ওই পৌরসভার দুই মেয়র প্রার্থী নজরুল ইসলাম ও খোকন সিংহের করা এক আবেদনে এ স্থগিতাদেশ দেয়।
এই আদেশের ফলে ওই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সরকারপক্ষের আইনজীবী একরামুল হক।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট ওই পৌরসভার নির্বাচন তিন মাস স্থগিত করে।
আগামী ১৮ জানুয়ারি ওই শ্রীমঙ্গল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আমিনউদ্দিন ও একরামুল হক।
গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে ও আদালতের নথিপত্র বিবেচনা করে তফসিল থেকে ১১ পৌরসভা বাদ দেওয়া হয়। সঙ্গে যুক্ত হয় নতুন করে চার পৌরসভা।
আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোয় নির্বাচন হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24