সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, উল্লাপাড়ায় সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের নবগ্রাম এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকের এ দুর্ঘটনা আহত হয়েছে আরো ১০ জন। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুর রশিদের (৪০) বাড়ি উল্লাপাড়ার ঘাটিনা গ্রামে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামসু উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদনান পরিবহনের একটি বাস শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে নবগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এতে আব্দুর রশিদ ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ১০ জন।"
তিনি জানান, আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- অ্যাডভোকেট রায়হান আলী ও আদম আলী।
এসআই শামসু আরো জানান, আদম আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এজে/১৩০৭ ঘ.
bdnews24