ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, শিক্ষানীতি নিয়ে কোনো প্রশ্ন বা দাবি থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে।
তিনি বলেন, অযৌক্তিক হরতালে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এই হরতাল প্রত্যাহার করা উচিত।
বুধবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরঞ্জিত।
নতুন শিক্ষানীতি বাতিলের দাবিতে উলামা মাশায়েখ পরিষদ ২৬ ডিসেম্বর হরতাল ডেকেছে।
'অর্থনৈতিক মুক্তি অর্জনে হরতাল ও নৈরাজ্য প্রত্যাহার' শীর্ষক এ আলোচনার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই সদস্য বলেন, "একমুখী শিক্ষানীতি চালু ছাড়া দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে।"
এরপরও যদি কারো কোনো প্রশ্ন বা দাবি থাকে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এজন্য হরতাল ডাকার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরো বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই মানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24