ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ-১ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আগামী ২৭ জানুয়ারি উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ জানুয়ারি পর্যন্ত, প্রত্যাহারের শেষ সময় ১১ জানুয়ারি।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শূন্য দুই আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
নবম সংসদে দুই আসনে সরকার দলীয় সাংসদ প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন।
গত ১৯ নভেম্বর প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী মারা যান।
আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চু মারা যান ২২ নভেম্বর।
এই দুই সাংসদ মারা যাওয়ার পর সংসদীয় আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তাদের মৃতুর দিন থেকে আসন শূণ্য ঘোষণার সময় গণ্য হবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া আগামী ফেব্র"য়ারি নাগাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততা শুরু হয়ে যাবে। এর পরিপ্রক্ষিতে জানুয়ারির মধ্যে এ নির্বাচন সম্পন্ন করা হচ্ছে।
রাজনৈতিক সরকারের সময়ে ইতিমধ্যে নবম সংসদে নির্বাচিত সাংসদদের একাধিক আসন ছেড়ে দেওয়া আটটি উপ-নির্বাচন করেছে বর্তমান নির্বাচন।
সর্বশেষ গত ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে উপ-নির্বাচনও করে ইসি।
নবম সংসদে হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিল দুই লাখ ৮৫ হাজার ৯০৮ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দুই লাখ ৯১ হাজার ৫৩৮।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৩৫৪ ঘ.
bdnews24