ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে অপহরণকারীদের হামলায় নিহত বাংলাদেশির লাশ আগামী শনিবারের পর দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত।
অপহরণকারীদর হাতে বন্দি পাঁচ বাংলাদেশিকে উদ্ধারে আফগান সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও জানান ওই কূটনীতিক।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত আলতাফ হোসেনের লাশ ২৫ তারিখের (শনিবার) পর বাংলাদেশে পাঠানো হবে।"
শুক্রবার রাত ৮টার দিকে বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করা হয়। অপহরণকারীদের হামলায় সেসময় কাজী আলতাফ হোসেন নামে একজন ক্রাশার ম্যাশিন অপারেটর মারা যান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অপহরণকারীদের হাতে বন্দি পাঁচ বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে আফগান কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে এক দফা অভিযানও চালানো হয়েছে। তবে অপহরণকারীরা বাংলাদেশিদের নিয়ে সেখান থেকে সরে যায়।
এদিকে অপহৃতদের সহকর্মী মাসুদ আলম রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাজার শরীফ এলাকায় বর্তমানে তিনটি ক্যাম্পে ৯০ জনেরও বেশি বাংলাদেশি রয়েছে।
বাংলাদেশিদের উদ্ধারে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উজবেকিস্তানে আফগান দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানান মোহাম্মদ ইমরান।
"বন্দিদের উদ্ধারে আফগান সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেআরসি/পিডি/২৩২৬ ঘ.
bdnews24