নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাস ফেরত এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবারের দাবি, পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রীর প্রেমিক ও তার লোকজন মজিবুর রহমানকে (৩৮) জবাই করে হত্যা করেছে।
লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই ফজলুর রহমান সাংবাদিকদের জানান, মজিবুর প্রায় আট বছর মালদ্বীপ প্রবাস জীবন কাটিয়ে গত মাসে দেশে ফিরে আসেন।
এসেই জানতে পারেন তার স্ত্রী হাফেজা (৩০) একই এলাকার মোস্তফার ছেলে ইউছুফের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছেন। এ বিষয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিলো।
ফজলু জানান, সোমবার সকালে ইউছুফের সঙ্গে মজিবুরের বাগবিতণ্ডা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মজিবুর বাড়ির পাশের মসজিদে নামাজে গেলে সেখান থেকে তাকে স্থানীয় মুকুন্ধশীল জঙ্গলে নিয়ে জবাই করে হত্যা করা হয়।
ঘটনার পর থেকে আসামি ইউছুফ পলাতক রয়েছেন বলে ফজলু দাবি করেন।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24