বরিশাল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন রাঢ়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টায় মুলাদী থানা থেকে মাত্র ৫০ গজ দূরে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানান।
বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় প্রতিপক্ষ এই হামলার চালিয়েছে বলে জানায় মনির হোসেন রাঢ়ীর পরিবার।
এখন পর্যন্ত পুলিশ হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মুলাদী থানার ওসি আমিররুজ্জামান আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আহত ওই সাংবাদিকের বড় ভাই খোকন রাঢ়ী জানান, তাদের প্রতিবেশী ও চাচাতো ভাই আলাউদ্দিন রাঢ়ী ১০/১২টি পরিবারের চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণের কাজ শুরু করেন।
তিনি অভিযোগ করেন, মনির হোসেনকে দেয়াল তোলা বন্ধ করার অনুরোধ করেন। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে মনিরের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলাউদ্দিন রাঢ়ীর দুই ছেলে সোহাগ ও রাসেল শাবল দিয়ে মনিরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনায় মামলা করা হবে বলে জানান খোকন রাঢ়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24