গাজীপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বৈষম্য কমানো এবং মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বলে পুলিশ জানিয়েছে।
পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে বুধবার কারখানা ছুটি ঘোষণা করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খাবার বিরতির পর শ্রমিকরা সরকার ঘোষিত মজুরি কাঠামোয় নতুন ও পুরনো শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার দাবি জানায়। একইসঙ্গে তারা অতিরিক্ত কাজের মজুরি বাড়ানোরও দাবি তোলে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বিক্ষোভ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে।
বিকাল পৌনে ৪টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ জহির শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24