২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ভাংচুর-অবরোধ

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

সাভার, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় একজন পোশাক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনার পর তার সহকর্মীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশ জানিয়েছে, নিহত মাসুদ রানা (২০) বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার আড়োয়া এলাকায়। তিনি আশুলিয়ার গণকবাড়ী এলাকার ওলি নিটিং ফেব্রিক্স লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই জানান, দুর্ঘটনার খবর পেয়ে তার সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশ এসে দোষী বাসচালককে গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এসআই আবিদ জানান, বাসটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২৮ ঘ.