২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গ্যাস অনুসন্ধান শুরু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

নোয়াখালী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক উপজেলার শাহজাদপুর গ্রামে সুন্দলপুর তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের এই খনন কাজ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যে জ্বালানি খাত উন্নয়নের বিকল্প নেই। জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বাপেক্স ও পেট্রোবাংলার কর্মকর্তা, কর্মচারীদের দেশপ্রেম নিয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বাপেক্সের ব্যবস্থপনা পরিচালক মর্তুজা আহমদ ফরুক, সুন্দলপুর গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক আবদুল হালিম, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদ প্রমুখ। কূপটিতে পাঁচশ' থেকে সাতশ' বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সুন্দলপুর গ্যাস অনুসন্ধান প্রকল্পের কর্মকর্তা আবদুল হালিম। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে কূপটির খনন কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আবদুল হালিম জানান, ২০০৮ সালের জুন মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদনের সময় প্রকল্পের মেয়াদ নির্ধারণ করেছিল ৩০ মাস। ওই বছরের জুলাই থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প এলাকায় জরিপে পাওয়া উপাত্ত ও নমুনা বিশ্লেষণ করে কূপ খননের স্থান চিহ্নিত করা হয়। এরপর প্রায় তিন হাজার ৫০০ মিটার গভীর অনুসন্ধান কূপ খনন এবং ওই কূপ পরীক্ষা করার কথা রয়েছে। পরীক্ষার পর গ্যাস উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে বলে আবদুল হালিম জানান। চলতি বছরের জানুয়ারি থেকে কূপ খনন স্থানে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ ও খনন যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু করা হয়। প্রকল্প কাজ যথাসময়ে সম্পন্ন হলে ২০১১ সালের শেষ নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.