২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পৌরসভায় নতুন তফসিল

মাদারীপুর, চাঁদপুর ও নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এই তিনটি স্থানে নির্বাচন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর, চাঁদপুর ও নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৭ জানুয়ারি এই তিনটি স্থানে নির্বাচন হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে মাগুরা, ঝালকাঠি, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও চকরিয়া, ভোলার চরফ্যাশন পৌরসভাও ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে নতুন তফসিল দেওয়া হয়। বিভিন্ন জনের আবেদনে আদালত এসব স্থানে নির্বাচন স্থগিত করেছিলো। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে ইসি। ছহুল বলেন, গত সপ্তাহে উচ্চ আদালতের এক আদেশে মাদারীপুর, চাঁদপুর ও মদন এই তিন পৌরসভার নির্বাচন স্থগিত হয়। পরে ওই আদেশের বিরুদ্ধে কমিশন আপিল করে। তার পরিপ্রেক্ষিতে সোমবার ওই স্থগিত আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহ স্থগিত করে আপিল বিভাগ। তাই ওইসব পৌরসভায় নির্বাচন হতে কোনো বাধা নেই। তিনি বলেন, "ওইসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার কমিশন পুনরায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণা অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোয়নপত্র দাখিল করা যাবে। ১ ও ২ জানুয়ারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ১০ জানুয়ারি।" ছহুল জানান, আদালতের আদেশ অনুযায়ী এখনো ঘোষিত ২৬২টি পৌরসভার মধ্যে ৭টির নির্বাচন স্থগিত রয়েছে। সেগুলোর স্থগিতাদেশ প্রত্যাহার হলে কমিশন পুনরায় তফসিল ঘোষণা করবে। গত ২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে ও আদালতের নথিপত্র বিবেচনা করে তফসিল থেকে ১১ পৌরসভা বাদ দেওয়া হয়। সঙ্গে যুক্ত হয় নতুন করে চার পৌরসভা। আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে চার দিনে দেশের ২৬২ পৌরসভা নির্বাচন হওয়ার কথা। বর্তমানে নির্বাচন স্থগিত সাত ৭ পৌরসভায় দিনাজপুরের পার্বতীপুর, কুষ্টিয়া, নড়াইলের লোহাগড়া, ফরিদপুরের ভাঙ্গা, নরসিংদীর মাধবদী, ফেনীর দাগনভুঞা ও শরীয়তপুরের জাজিরা পৌরসভার নির্বাচন আদালতের আদেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬১৫ ঘ.