নওগাঁ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ-রাজশাহী মহাসড়কে একটি বিআরটিসি বাস খাদে পড়ে দুই চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৩০ জন।
সোমবার বিকালে মান্দা উপজেলার সিন্দুরপানিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন হলেন- মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. আব্দুর রাকীব ওরফে হাসান ও ডা. হ্যাপী, মুক্তা বেগম ও নরেন্দ্র নাথ।
আহতদের একজন হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মৌসুমী। বাকিদের নাম জানা যায়নি।
আহতদের নওগাঁ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।
মান্দা থানার ওসি একেএম খালেকুজ্জামান বলেন, বিকাল ৪টার দিকে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস সিন্দুরপাণিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, নওগাঁ ও রাজশাহী দমকল বাহিনীর ডুবুরি দল রাত ৯টা পর্যন্ত উদ্ধার কাজ চালায়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয় সংসদ সদস্য ইমাজ উদ্দীন প্রামাণিক, জেলা প্রশাসক মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপারিনটেনডেন্ট মোফাজ্জেল হোসেন, উপজেলা চেয়ারম্যান ইকরামূল বাড়ী টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মুনিরুজ্জামান ঘটনাস্থলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24